চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ নয় হাজার লিটার ডিজেল ও প্লাস্টিক দানা উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় এক লাখ টাকা জরিমানা এবং পাঁচ লক্ষাধিক টাকার পণ্য জব্দ করা হয়েছে।
সোমবার (৪ মে) রাত ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালির বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ৯ হাজার লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা উদ্ধার করা হয়। এ অপরাধে লোকমান ঢালীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রায় পাঁচ লাখ টাকার সমপরিমাণ ৩ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিকের দানা স্থানীয় সংরক্ষিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় পরের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে সতর্ক করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা মনে করছেন, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সঙ্কট তৈরির উদ্দেশ্যে পণ্য মজুদ করে, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। তবে এ অভিযানের ফলে স্থানীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অভিযানে এনএসআইয়ের একটি পাঁচ সদস্যের টিম, মতলব উত্তর থানা পুলিশ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চাঁদপুর জেলা কার্যালয় যৌথভাবে অংশ নেন।



