গোবিন্দগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মিন্টু চন্দ্র মোহন্ত (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
গোবিন্দগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মিন্টু চন্দ্র মোহন্ত (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ গ্রামের একটি সরকারি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত মিন্টু ওই গ্রামের বাসিন্দা এবং নিশি চন্দ্র মোহন্তের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে মিন্টু বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই গৌতম কুমার মোহন্ত জানান, তিন দিন ধরে তার ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় পুকুরে লাশ ভাসতে দেখার খবর পেয়ে তারা সেখানে গিয়ে মিন্টুর পরিচয় নিশ্চিত করেন।

এদিকে নিহতের স্ত্রী অনিতা রানী মোহন্ত দাবি করেন, মিন্টু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে থাকতে পারেন বলে তার ধারণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।