ঝালকাঠিতে নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

আলিফ গোসল করতে নেমে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
আলিফের লাশ
আলিফের লাশ |নয়া দিগন্ত

ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পর আলিফ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ লাশ উদ্ধার করে।

স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে মাদরাসার ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সাথে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। আলিফ গোসল করতে নেমে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধারে কাজে অংশ নেয়। সোমবার দুপুরে ডুবে যাওয়া স্থান থেকে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, নিখোঁজের তিনদিন পরে লাশটি ফুলে ভেসে ওঠে। লাশ উদ্ধার করে বাড়ির আঙ্গিনায় রাখা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।