ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের দায়ে সাতজনকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগষ্ট) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেনকে (৪৬) একলাখ টাকা এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল (৪৬), বরিশালের বানারিপাড়ার জামাল (৬৩), উজিরপুরের গিয়াস (৩৫), বরগুনা সদরের বাদল (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন (৫২) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাত ব্যক্তিকে চার লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক রুবেল, নৌ পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও তাদের সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশের সদস্যরা এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



