বান্দরবানে সোয়া ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুটি অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে; এক রোহিঙ্গা নাগরিককে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে সোয়া ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
বান্দরবানে সোয়া ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ |সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে দু’টি পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৮০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে হাতেনাতে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোরে এ অভিযান চালানো হয়।

আটক রোহিঙ্গার নাগরিকের নাম বছির আহম্মেদ (৫০), তিনি উখিয়া বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, শনিবার ভোর সাড়ে ৫টায় বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ বান্দরবানের ঘুমধুম বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩১ হতে আনুমানিক ১.১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল উখিয়া বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে বছির আহম্মেদকে ৮০ হজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে ৩৪ বিজিবির অধিনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি সদস্যরা মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

উল্লেখ্য, আটক রোহিঙ্গা নাগরিককে ইয়াবা ট্যাবলেটসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোহিঙ্গা নাগরিকসহ ইয়াবা জব্দের ঘটনা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’