পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব থাকা সিরীয় বংশোদ্ভূত বৃদ্ধের লাশ উদ্ধার

মৃত ব্যক্তি দ্বৈত নাগরিক ছিলেন। তার বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারও বাংলাদেশে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার ছেলে পটুয়াখালীতে এসেছেন।

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Patuakhali
লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ
লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ |নয়া দিগন্ত

পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে এক সিরীয় বংশোদ্ভূত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ ও সিরিয়ার দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে তাকে খাবার দিতে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান খাবার পৌঁছে দেয়া ব্যক্তি। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় খাটের ওপর অচেতন অবস্থায় মাজেদ আল খতিবকে পড়ে থাকতে দেখা যায়। পরে শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, তিনি আগেই মারা গেছেন।

বাড়ির মালিক কে এম শাহাদাত খান জানান, মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি শান্ত-স্বভাবের ও সবার কাছে পরিচিত একজন মানুষ ছিলেন। মাঝে মধ্যে তার পরিবারের সদস্যরাও তাকে দেখতে আসতেন। শুক্রবার রাতে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তি দ্বৈত নাগরিক ছিলেন। তার বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারও বাংলাদেশে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।