সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব পরিদর্শন করেছেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে পরিদর্শনকালে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণের বিস্তৃতি এবং অপসাংবাদিকতা রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করেন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফ।
এ সময় সাংবাদিকরা পিআইবি মহাপরিচালকের কাছে তৃণমূল পর্যায়ে পিআইবির প্রশিক্ষণ কার্যক্রম আরো বিস্তৃত করার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে কার্যকর উদ্যোগ কামনা করেন।
পিআইবি মহাপরিচালক বলেন, ‘এসব বিষয়ে পিআইবি তৎপর রয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর সারাদেশে কয়েক হাজার সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘মূলধারার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে পিআইবি সব সময় পাশে থাকবে। সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।’
সিলেট প্রেসক্লাব পরিদর্শনে আসায় পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফকে ধন্যবাদ জানান প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। তিনি সিলেটের সাংবাদিকদের পেশাগত উন্নয়নে পিআইবির সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি ফয়সল আলম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আমজাদ হোসাইন ও আনাস হাবিব কলিন্স ও নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি।



