নোয়াখালীর হাতিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার অপরাধে মো: হানিফ নামে একজনকে আটক করেছে বন বিভাগের ফরেস্টাররা।
বুধবার (১১ জুন) বন বিভাগের করা মামলায় আটক দেখিয়ে তাকে হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে জাহাজমারা চর ইউনুছ সংরক্ষিত বনাঞ্চল থেকে তাকে আটক করা হয়।
আটক মো: হানিফ (৪৭) হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরহুম কামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
মামলার সূত্রে জানা যায়, একটি গ্রুপ দীর্ঘদিন থেকে জাহাজমারা রেঞ্জের অধীন চর ইউনুছ এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে জমির আইল দিয়ে আবাদের চেষ্টা করে আসছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার সহযোগী পাঁচ থেকে ছয়জন গভীর বনে পালিয়ে যায়। তারা সবাই বনের মধ্যে গাছ কাটার সাথে জড়িত ছিল। গাছ কাটার কাজে ব্যবহৃত দা, কুড়াল ও করাত জব্দ করা হয়েছে।
এই বিষয়ে জাহাজমারা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ উজ জামান বলেন, আটক ব্যক্তিকে বন আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে। উপকূলীয় এলাকায় বন রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।



