নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে অটো পাওয়া যায়নি।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
লাশ উদ্ধার করে নেয়া হচ্ছে
লাশ উদ্ধার করে নেয়া হচ্ছে |নয়া দিগন্ত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে বেলাল হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) উপজেলার নেওয়াশী ইউনিয়নের হিরারভিটা গ্রাম থেকে থেকে লাশটি উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।

লাশটি পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের নুরনবি মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০টার দিকে ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশের খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাইকারী চক্র তাকে হত্যা করে অটো নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে অটো পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।