প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠিন করতে হবে। দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। দেশ পুনর্গঠন একা করা সম্ভব না। জনগণ হচ্ছে এই দেশের মালিক। তাই জনগণ ও সরকার মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী চাঁদপুর জেলা সফরের পথে কুমিল্লার বরুড়ার উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০১ সালেও এই মাঠে তিনি বক্তব্য রাখেন।
তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনার মধ্য দিয়ে নিজেদের রাষ্ট্রের মালিক হিসেবে নির্বাচিত করেছে। বিএনপি অতীতে যেমন দেশের মানুষকে ওয়াদা দিয়েছে, দেশের সেবা করার সুযোগ পেয়ে সে ওয়াদা পূরণ করেছে। ভবিষ্যতেও সব ওয়াদা পূরণ করবে ইনশা আল্লাহ।
পথ সভার সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সম্পাদক কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।



