পটুয়াখালীর গলাচিপায় সড়কের ওপর ছিঁড়ে পড়া বিদ্যুতের সার্ভিস লাইনের তারে স্পৃষ্ট হয়ে মো: আসাদ উজ্জামান (৪২) নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে গলাচিপা-বদনাতলী সড়কের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মকর্তা গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর বাদুড়া গ্রামের ফজলুর রহমান মৃধার ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকায় বসবাস করতেন।
চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সেকেন্ড অফিসার মোহাম্মদ আব্দুল জলিল রেজা জানান, সকালে আমরা মোটরসাইকেলযোগে গলাচিপা থেকে চরবিশ্বাস ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের উদ্দেশে রওনা হই। বৌবাজার এলাকায় সড়কের ওপর বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মো: আসাদ উজ্জামানের বুকে বিদ্যুতের তার স্পর্শ করলে শর্ট সার্কিটে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো: তোফায়েল জানান, খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়।


