দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে চেম্বারের কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬-এর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বর্তমান প্রশাসক ও সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
তিনি জানান, যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে।
তফসিলে বলা হয়েছে, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুই বছর মেয়াদী (২০২৬-২৮) পরিচালনা পরিষদের একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি ও ২৪ জন পরিচালকসহ মোট ২৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের উদ্দেশ্যে আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হলো।
তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর (রোববার) প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, এই তালিকায় কোনো আপত্তি থাকলে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে আপত্তি দাখিল, ১৭ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকার বিষয়ে নির্বাচন আপিল বোর্ডের কাছে দাখিলকৃত আপত্তির বিষয়ে নির্বাচন আপিল বোর্ড কর্তৃক শুনানি ও নিষ্পত্তি, ২০ সেপ্টেম্বর নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
মননোয়নপত্র সংগ্রহ ২০ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা, মনোনয়নপত্র দাখিল ২৭ সেপ্টেম্বর সকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা, মনোনয়নপত্র যাচা-বাছাই ৩ অক্টোবর, বৈধ মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩ অক্টোবর সন্ধ্যা ৬টা, মনোনয়নপত্র বাতিলের জন্য সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক নির্বাচন আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল ৬ অক্টোবর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা, নির্বাচন বোর্ড কর্তৃক বাতিলকৃত মনোনয়নপত্রের ওপর দাখিলকৃত আপত্তি শুনানি গ্রহণ ও নিষ্পত্তি ১০ অক্টোবর।
বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১২ অক্টোবর বিকেল ৪টা, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ অক্টোবর দুপুর ১২টা, প্রার্থিতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টা।
৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধোপাদিঘীরপাড়ের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ, গণনা ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।
ঘোষিত ফলাফলের বিষয়ে নির্বাচন আপিল বোর্ডের কাছে আপত্তি দাখিল করা যাবে ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
ফলাফলের ওপর দাখিলকৃত আপত্তির শুনানি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায়। আর যদি ঘোষিত ফলাফলে কোনো আপত্তি দাখিল না হয়, তা হলে ওই দিন অপরাহ্নে চূড়ান্তন ফলাফল ঘোষণার কথা তফসিলে উল্লেখ করা হয়।
গঠিত নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য হলেন— জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের দুই সহকারী কমিশনার লাবন্য ইসলাম ঋতু ও তানভীর হোসাইন সজিব।



