খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মীর মামুন (৩৫) নামে একজন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে তাকে তাকে গুলি করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মামুনকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘গুলিবিদ্ধ মামুন খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করাসহ গ্রেফতার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।’



