নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম র‌্যালি অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
র‌্যালি শেষে বক্তব্য দিচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান
র‌্যালি শেষে বক্তব্য দিচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান |নয়া দিগন্ত

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিশেষ কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে গণসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা নগর ভবন থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে র‌্যালিতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিটি প্রশাসক বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী তিন মাসের জন্য যে কর্মসূচি দিয়েছেন, তার অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এজন্য সিটি করপোরেশন এলাকাকে সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ এই তিনটি এলাকায় ভাগ করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।’

তিনি বলেন, ‘বাড়ির আঙিনা, পরিত্যক্ত স্থান, নির্মাণাধীন ভবনসহ যেসব জায়গায় এডিস মশার প্রজনন হতে পারে, সেসব স্থান চিহ্নিত করে প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। একই সাথে নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে আগামী তিন মাস প্রতি শনিবার গণসচেতনতামূলক র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।’

প্রশাসক আরো বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।’

নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যুর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এটি আল্লাহর রহমত।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপুসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।