জমজমাট ফাইনালে ‘ব্রাজিলের’ বিরুদ্ধে জয় ‘আর্জেন্টিনার’

‘মোবাইল ছেড়ে খেলা ধরি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৬ জুন) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনালে তারা মুখোমুখি হয়।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
পুরস্কার হাতে বিজয়ীরা
পুরস্কার হাতে বিজয়ীরা |নয়া দিগন্ত

একদিকে ক্ষুদে ফুটবলারদের চোখে জয়ের স্বপ্ন, অন্যদিকে গ্যালারিজুড়ে শিক্ষক-অভিভাবকদের করতালি। প্রতিটি গোলে উল্লাস, আবার পরক্ষণেই শ্বাসরুদ্ধকর উত্তেজনা।

এমন রোমাঞ্চকর আবহেই মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা রওশন আরা প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ফাইনাল ফুটবল খেলা।

‘মোবাইল ছেড়ে খেলা ধরি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৬ জুন) বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত আর্জেন্টিনা দল এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্রাজিল দল মুখোমুখি হয়।

আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি গায়ে শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। একের পর এক গোল আর দারুণ সব রক্ষণভাগের লড়াইয়ে দর্শকরা উপভোগ করেন এক ফাইনাল।

শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪-৩ গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আর্জেন্টিনা।

দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মৃদুল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ মো: হুমায়ূন কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুল জব্বার, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

এসময় অতিথিরা বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’