গাজীপুরে পোশাক শ্রমিক রুমা হত্যায় স্বামীসহ গ্রেফতার ৩

একপর্যায়ে রতন মিয়া রুমা আক্তারের পিঠের বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক রুমা আক্তার (৩২) হত্যা মামলার প্রধান আসামি স্বামী রতন মিয়াকে গ্রেফতার করেছেন র‌্যাব-১, র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর সদস্যরা। একই মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি আনোয়ারা খাতুন ও রুনা আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাফর আলী খান।

গ্রেফতাররা হলেন- নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের মরম আলীর ছেলে ও ভিকটিমের স্বামী রতন মিয়া (৪৮), তার প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) এবং তাদের মেয়ে রুনা আক্তার (২০)।

র‌্যাব সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে সুনামগঞ্জ জেলা সদর উপজেলার জুবিলী এলাকা থেকে প্রধান আসামি রতন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা জেলা সদর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে র‌্যাব-১ (গাজীপুর), র‌্যাব-১৪ (ময়মনসিংহ) ও র‌্যাব-৯ (সুনামগঞ্জ) যৌথ অভিযান চালিয়ে আনোয়ারা খাতুন ও রুনা আক্তারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩টার দিকে রুনা আক্তারের ভাড়া বাসার গেটের সামনে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম রুমা আক্তারের পথরোধ করেন প্রধান আসামি রতন মিয়া ও তার সহযোগী আনোয়ারা খাতুন এবং রুনা আক্তার। একপর্যায়ে রতন মিয়া রুমা আক্তারের পিঠের বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুমা আক্তারকে মৃত ঘোষণা করেন। পরদিন শনিবার (৭ মার্চ) নিহতের ছেলে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা করেন।

নিহত রুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে রতন মিয়াকে বিয়ে করেন। স্বামী ও তিন সন্তানকে নিয়ে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

ঘটনার পর আসামিদের গ্রেফতারে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরে রোববার (৮ মার্চ) ও সোমবার (৯ মার্চ) সুনামগঞ্জ ও নেত্রকোনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।