মাদকবিরোধী অভিযানে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩৪০ পিস ইয়াবাসহ তৈয়ব শেখ (৩৩) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় এ আভিযান চালায় ডিবি পুলিশ।
গ্রেফতার তৈয়ব শেখের বাড়ি পাশ্ববর্তী শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামে।
মঙ্গলবার রাতে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিবি পুলিশের একটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় তৈয়ব শেখকে ৩৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে আরো জানানো হয়, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরো কঠোর থেকে কঠোরতর হবে।



