নড়াইলে ননদের বিরুদ্ধে বিধবা ভাবির জমি দখলের অভিযোগ

উপার্জনের একমাত্র মাধ্যম দোকানটি বেহাত হওয়ায় দুই শিশু সন্তান নিয়ে সংসার চালাতে পারছেন না তিনি।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
দুই সন্তান সাথে নিয়ে সংবাদ সম্মেলন করছেন খাদিজা
দুই সন্তান সাথে নিয়ে সংবাদ সম্মেলন করছেন খাদিজা |ছবি : নয়া দিগন্ত

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বাজারে বিধবা খাদিজা বেগমের (৩২) জমি দখলের অভিযোগ উঠেছে তারই ননদ (স্বামীর বোন) সাদিয়া আক্তার জুঁইয়ের বিরুদ্ধে।

বিষয়টির প্রতিকার চেয়ে ভুক্তভোগী খাদিজা বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের পুরাতন টার্মিনাল এলাকায় সংবাদ সম্মেলন করেন।

এ সময় খাদিজা জানান, তার স্বামী মৃত টুটুল মোল্যার মালিকানা সূত্রে পিরোলী বাজারে একটি সাইকেল গ্যারেজের দোকান পেয়েছেন তিনি। প্রায় ৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর দোকান ভাড়া দিয়ে দুই শিশুপুত্র নিয়ে টানাপড়েনের মধ্য দিয়ে সংসার চালাচ্ছিলেন। সম্প্রতি মাসিক ভাড়া চায়তে গিয়ে জানতে পারেন, পিরোলী গ্রামের মিলন মল্লিকের কাছে তার ননদ সাদিয়া আক্তার জুঁই দোকানটি বিক্রি করে দিয়েছেন। সমস্যা সমাধানে কালিয়া থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে সমাধান চাইলেও কোনো প্রতিকার পাননি খাদিজা বেগম।

তিনি জানান, উপার্জনের একমাত্র মাধ্যম দোকানটি বেহাত হওয়ায় দুই শিশু সন্তান নিয়ে সংসার চালাতে পারছেন না তিনি। দখলদারের হাত থেকে দোকানটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন খাদিজা।

এ ব্যাপারে মিলন মল্লিকসহ অভিযুক্তরা বলেন, আমি সাদিয়া আক্তার জুঁইয়ের কাছ থেকে জমি কিনে নিয়েছি। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।