মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুলিশের অভিযানে একটি রিভলভার, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো: আসিব হাওলাদার (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের সময় আরেকজন পালিয়ে যান।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের উত্তর নাহাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো: মেনহাজুল আলমের নির্দেশনায় সদর থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম। অভিযানের সময় বাবু মুন্সী (৪৩) নামে এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে মো: আসিব হাওলাদারকে গ্রেফতার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। আসিব হাওলাদারের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তর নাহাপাড়ায় আকবর শেখের পুকুরপাড়ের কলাগাছের ঝোপের নিচ থেকে একটি কাঠের বাটযুক্ত রিভলভার, এক রাউন্ড গুলি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসিব দাবি করেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি তিনি পলাতক বাবু মুন্সীর কাছ থেকে পেয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে দু’জনকে আসামি করে মামলা করা হয়েছে।



