পটুয়াখালীর মির্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার মহিষকাটা বাজার ও মাধবখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী। কেক ও বিস্কুটের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য যথাযথভাবে লিপিবদ্ধ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে ইমন বেকারি ও পায়রা বেকারি কর্তৃপক্ষকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মির্জাগঞ্জ থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী বলেন, ‘ভেজাল ও খাদ্য উৎপাদনে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলছে। কেউ নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত থাকবে।’



