মাদারীপুরে জামাইয়ের বসতঘরে চুরির ঘটনায় সালিশীতে ডেকে নিয়ে ফল ব্যবসায়ী শ্বশুর জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মজিদ খান ও তার লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় জামাইসহ আহত হয় অন্তত পাঁচজন। ঘটনার পর অভিযুক্তদের বসতঘরে আগুন দিয়েছে বিক্ষুদ্ধরা।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর জামান শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন।
জানা যায়, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকার রাসেল বেপারীর বসতঘরে সম্প্রতি চুরি হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। সকালে একই এলাকার মজিদ খানের পরিবারের সাথে সালিশ-বৈঠকের আয়োজন করেন এলাকার মাদবররা। সেখানে পরিকল্পিতভাবে রাসেলকে কুপিয়ে আহত করা হয়। বাধা দেয়ার চেষ্টা করলে নারীসহ চার জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে ফের সালিশীর কথা বলে রাসেলের শ্বশুরকে খবর দিয়ে জামাইয়ের বাড়িতে ডাকা হয়। ফল ব্যবসায়ী জাকির ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে জখম করে মজিদ খান ও তার ছেলেসহ সমর্থকরা।
আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জাকিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
ঘটনার পর অভিযুক্তদের তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত রাসেল বেপারী বলেন, ‘পরিকল্পিতভাবে আমার শ্বশুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই। সামান্য চুরি বিষয়টি নিয়ে এভাবে হত্যাকাণ্ডের মতো ঘটনা হবে, সেটা বুঝতে পারিনি।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কুতুব উদ্দিন বলেন, ‘এলাকার জমিজমা নিয়ে বিরোধ ও চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দোষীদের ধরতে পুলিশ কাজ করছে। এ ছাড়া এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’



