নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল ও শ্রমিক দলের তিন নেতা আহত হয়েছেন। এ বিষয়ে সোনাগাঁও থানায় পৃথক অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে ও পৌরসভার ষোলপাড়া এলাকায় এ দুটি হামলার ঘটনা ঘটে।
পৌরসভার ষোলপাড়া এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে হামলা চালিয়ে যুবদল ও শ্রমিক দলের দুই নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এছাড়াও সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।
আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদের স্ত্রী কাজল রেখা বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, সোনাগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেনসহ দলের নেতাকর্মীরা উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী থেকে শুরু করে সোনারগাঁও পৌরসভার বালুয়া দিঘিরপাড়া পর্যন্ত ড্রেজার বসিয়ে বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সোনারগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মো: ইব্রাহিম, ইসরাফিল, রায়হান, নজরুল ইসলাম, মো: রোমান, ইমাম হাসান, মো: সোহাগ, মো: সিয়ামসহ ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ ড্রেজার পাইপ বসানো কাজে বাধা প্রদান করে।
এসময় আব্দুর রাহিম ও আবু সাঈদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিমের লোকজন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আবুল হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আবু সাঈদের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, সোনারগাঁও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিককে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় তিনি সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।
হুমায়ুন কবির রফিক জানান, তিনি একজন ঠিকাদার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে প্রকৌশলীর কার্যালয় থেকে ডেকে নিচে নিয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। কারা তার ওপর হামলা করেছেন, সিসি টিভি ফুটেজ চেক করলেই তাদের চিহ্নিত করা যাবে।
ঘটনা সম্পর্কে জানতে সোনারগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খাঁন বলেন, ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে এক নেতার ওপর হামলার ঘটনায় আরেকটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে।



