‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’স্লোগানে ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া ২০০ এর সার্বিক তত্ত্বাবধানে গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে ৪ পর্বের অনুষ্ঠানসূচি, আলোচনা সভা, ইফতার মাহফিল, স্মৃতিচারণ, স্মারক পাঠ, অনুভূতি প্রকাশ ও আলোচনা সভা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিদ্যালয়ের ১৯৬৮ ব্যাচের শিক্ষার্থী মো: নুরুল হকের সভাপতিত্বে এবং সাইফুল রিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বন্ধন ফাউন্ডেশনের সভাপতি কাজি কবির হোসেন, স্মারক পাঠ করেন মো: জসিম উদ্দিন, ক্রম বিকাশ, স্মারক পাঠ করেন লিয়াকত হোসেন সুজন, স্মৃতিচারণ করেন অ্যাডভোকেট বশির উল্যাহ, নজরুল ইসলাম জামাল।
উল্লেখ্য, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ প্রায় ৮০ বছর সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়। আট দশকের সভ্যতা ও সমৃদ্ধির এক জীবন্ত বাতিঘর। অনগ্রসর জনপদকে আলোকিত করার যে মহান ব্রত নিয়ে এর পথচলা শুরু হয়েছিল, আজ তা পূর্ণতায় ভাস্কর। অতীতের গৌরব ও বর্তমানের নিষ্ঠা নিয়ে এই বিদ্যাপীঠ আগামী প্রজন্মের হৃদয়ে জ্ঞানের মশাল জ্বেলে যাবে অনন্তকাল।



