নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টার অবরোধে মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে।
শ্রমিকদের অভিযোগ, তারাব পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত ভুঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও আসন্ন ঈদুল ফিতরের বোনাস এখনো পরিশোধ করা হয়নি। কয়েক দফা আশ্বাস দেয়া হলেও মালিকপক্ষ নানা অজুহাতে বেতন-ভাতা পরিশোধে গড়িমসি করে।
শ্রমিকরা জানান, বুধবার সকালে কারখানায় এসে তারা জানতে পারেন আগামী ১৮ মার্চ বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়। এতে বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। পরে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, ‘মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানায় ফিরে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’



