ঘরে ঢুকে পড়ল মাইক্রোবাস, মাদকসহ চালক আটক

ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস ঘরের দেওয়ালে আঘাত করে। এতে ঘরের ইটের দেয়াল ভেঙে পড়লে আহত হন বাড়ি মালিক আরশাদ আলী। মাইক্রোবাসটি ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তার ওপর।

মেহেরপুর প্রতিনিধি

Location :

Meherpur
মেহেরপুরের ম্যাপ
মেহেরপুরের ম্যাপ |নয়া দিগন্ত

মেহেরপুর সদরে ঘুমন্ত মানুষের ঘরে ঢুকে পড়েছে মাদকবহনকারী দ্রুত গতির একটি মাইক্রোবাস। এতে ঘরের দেওয়াল চাপায় আহত হয়েছেন ওই বাড়ির মালিক আরশাদ আলী। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের মাদক পাচারকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস ঘরের দেওয়ালে আঘাত করে। এতে ঘরের ইটের দেয়াল ভেঙে পড়লে আহত হন বাড়ি মালিক আরশাদ আলী। মাইক্রোবাসটি ধাক্কা দিয়ে উল্টে পড়ে রাস্তার ওপর। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে যায়। ‌মাইক্রোবাসে গাঁজা থাকায় স্থানীয়রা আটকে রাখেন মাইক্রোবাস চালক অনিক হোসেন বিপ্লবকে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা অনিককে পুলিশের কাছে সোপর্দ করে। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে গন্তব্যে যাওয়ার পথে মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। গাজা ও মাইক্রোবাসসহ বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে। ‌এই ঘটনার সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।