নোয়াখালীতে সিএনজির ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপের সাথে বাইরে যায়। দুপুর ১২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নিহত এসএসসি পরীক্ষার্থী তন্ময় চন্দ্র
নিহত এসএসসি পরীক্ষার্থী তন্ময় চন্দ্র |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দীপ দেবনাথ (১৬) নামে আরো এক পরীক্ষার্থী।

বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে চৌমুহনী চৌরাস্তা-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। এছাড়া সে স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপের সাথে বাইরে যায়। দুপুর ১২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।