বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জেলেরা জানিয়েছেন, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লীদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিলো এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সাথে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় কার্গো জাহাজের স্টাফ রাজা মিয়া বলেন, ‘সংঘর্ষের সাথে সাথে মেঘনা নদীতে বাল্কহেডটি ডুবে যায়। আর স্থানীয় জেলেরা বাল্কহেডে থাকা চার ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।’
কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো: এনামুল হক বলেন, ‘এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই নদীতে থাকা স্থানীয় জেলেরা ডুবে যাওয়া মোল্লা ভাই ভাই নামের বাল্কহেডের স্টাফদের উদ্ধার করেছে। তারা সবাই সুস্থ রয়েছেন।’
পাশাপাশি এমভি সাব্বির-৩ লঞ্চটির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।



