কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে সোয়া ছয় কোটি টাকার মাদক ও চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞতিতে এসব তথ্য জানায় বিজিবি।
৪৭ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনে অভিযান চালায়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়।
এছাড়া মঙ্গলবার ভোরে পৃথক দু’টি অভিযানে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা থেকে বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করে। অভিযানে আশ্রায়ন বিওপি এবং প্রাগপুর বিওপির চৌকস টহল দলের সদস্যরা অংশ নেন।
জব্দকৃত এসব মালামালের মধ্যে ভারতীয় এলএসডি, ফেয়ারডিল সিরাপ, পাতার বিড়ি এবং অবৈধ ওষুধের চালান রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা।



