খাগড়াছড়ির ৩টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ভৌগোলিক প্রতিবন্ধকতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে দুর্গম এসব কেন্দ্রে বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে আজ সোমবার থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
খাগড়াছড়ির ম্যাপ
খাগড়াছড়ির ম্যাপ |ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে দুইটি উপজেলার তিনটি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হচ্ছে। পাশাপাশি কেন্দ্রগুলোর দায়িত্বে নিয়োজিত নির্বাচন সংশ্লিষ্ট জনবলও পৌঁছে দেয়া হবে এই প্রক্রিয়ায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভৌগোলিক প্রতিবন্ধকতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে দুর্গম এসব কেন্দ্রে বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে আজ সোমবার থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।

তিনি জানান, দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি কেন্দ্রে এবং লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের ফুত্যাছড়ি ও শুকনাছড়ি কেন্দ্রে নির্বাচন সামগ্রী ও জনবল হেলিকপ্টারে পৌঁছানো হবে। ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে এসব কেন্দ্র অতি দুর্গম হিসেবে বিবেচিত।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সংসদীয় আসনের মোট ভোটার পাঁচ লাখ ৫৪ হাজার ১১৪ জন। কেন্দ্রের সংখ্যা ২০৩টি। দূরত্ব, ভোটারদের অবস্থান, প্রার্থীদের প্রভাব, যোগাযোগ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রগুলোকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে সাধারণ হিসেবে বিবেচনায় রয়েছে ১৪টি কেন্দ্র। বাকি ১৮৯টির মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কেন্দ্রেগুলোর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৬টি, রামগড়ে ১১টি, গুইমারায় ১০টি, মানিকছড়িতে নয়টি, মহালছড়িতে আটটি, মাটিরাঙ্গায় পাঁচটি, দীঘিনালায় চারটি, পানছড়িতে তিনটি এবং লক্ষ্মীছড়িতে দুইটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ।

জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ‘পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পর্যবেক্ষণের ভিত্তিতে এসব কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। তাদের সুপারিশ ও প্রস্তাবনা আমরা নির্বাচন কমিশনে প্রেরণ করেছি।’

এদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে র‍্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘ভৌগোলিক অবস্থান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেসব কেন্দ্রে ভোট দেবেন, সেগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।’