পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের সাথে ফাঁস লাগানো অবস্থায় মো: শাহীন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের উত্তর গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো: শাহীন ওই গ্রামের মরহুম শহিদ মিয়ার ছেলে। শাহীন পেশায় শ্যালো ইঞ্জিন চালিত টমটম গাড়ির চালক ও দুই ছেলে সন্তানের জনক ছিলেন।
নিহত শাহীনের বড় ভাইয়ের সম্বন্ধী মো: বেলাল হোসেন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বাড়ির লোকজন বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার (১৫ মে) প্রত্যুষে শাহীনের মা রিগ্যান বেগম ফজরের নামাজ আদায় করার জন্য বাড়ি সংলগ্ন পুকুরে অজু করতে গেলে আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাহীনকে ঝুলে থাকতে দেখেন।
এ সময় তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: তিথি রানী শাহীনকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: তিথি রানী জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।
নিহত শাহীনের বড় ভাইয়ের সম্বন্ধী মো: বেলাল হোসেন জানান, কী কারণে শাহীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছি না। লাশ নিজ বাড়িতে দাফনের জন্য আনা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



