সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪৫০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে জব্দ করা এসব জাল প্রকাশ্যে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরবাড়ী মহাসড়কের কাওয়াক মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫২ বস্তায় রাখা বড় ও ছোট আকারের মোট ২ হাজার ৪৫০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটক করা হয়। পরে জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়।
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হানুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আতাউর রহমান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আতাউর রহমান বলেন, ‘মাছের প্রাকৃতিক প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ জালের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। জব্দ করা জাল ধ্বংসের মাধ্যমে সংশ্লিষ্টদের জন্য একটি সতর্কবার্তা দেয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’



