আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের চলমান এইচএসসি মানবিক বিভাগের ১৮৬ জন শিক্ষার্থীর প্রবেশপত্রে পরিসংখ্যান, ভূগোল এবং সমাজকর্ম বিষয় না এসে অন্য বিষয় আসায় প্রতিষ্ঠানটির গেইটে ভুক্তভোগী শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (৯ জুলাই) বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে তারা।
শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের চলমান এইচএসসি মানবিক বিভাগের ১৮৬ জন শিক্ষার্থী বিগত দুই বছর পরিসংখ্যান, ভূগোল এবং সমাজকর্ম বিষয় পড়াশোনা করেন এবং ফরমও পূরণ করেন। কিন্তু বোর্ড পরীক্ষা শুরুর আগের দিন রাতে কলেজে থেকে তাদের জানানো হয়- তাদের প্রবেশপত্রে ইসলামের ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতি আসছে। পরে এর প্রতিবাদে শিক্ষার্থীরা সারা বছর যে বিষয়ে পড়াশোনা করেছে তা না এসে, অন্য বিষয় প্রবেশপত্রে আসায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
শিক্ষার্থীরা বলছে, প্রতিষ্ঠানটির শিক্ষকদের অবহেলা এবং ভুলের কারণে ১৮৬ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে- শিক্ষার্থীর সংখ্যা ১৮৬ জন। আমাদের কোনো ভুল নেই। যা ভুল করেছে, তা ঢাকা শিক্ষা বোর্ড করেছে।
ভুক্তভোগী মানবিক বিভাগের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন অভি জানায়, তাদের ১৮৬ জন ছাত্র/ছাত্রী বিগত দুই বছর পরিসংখ্যান, ভূগোল এবং সমাজকর্ম বিষয় নিয়ে পড়াশোনা করে আসলেও বোর্ড পরীক্ষা শুরুর আগের দিন রাতে কলেজ থেকে তাদের জানানো হয়, তাদের রেজিস্ট্রশনে ইসলামের ইতিহাস, পৌরনীতি এবং অর্থনীতি আসছে। শিক্ষার্থীরা বলছেন- যে বিষয়ে আমরা পড়িনি, সে বিষয় কিভাবে পরীক্ষা দেব।
আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো: হাবিবুর রহমান নয়া দিগন্তকে বলেন, আমাদের কোনো ত্রুটি নেই। যা ভুল করেছে, তা ঢাকা শিক্ষাবোর্ড করেছে।
তিনি আরো বলেন, আমরা ঢাকা শিক্ষাবোর্ড এবং মন্ত্রণালয়কে ব্যাপারটি জানিয়েছি। আশা রাখি আগামী ১৫ জুলাইয়ের আগে সমাধান করতে পারব। শিক্ষার্থীদের আমরা ধৈর্যধারণ করার জন্য বলেছি।



