দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, ‘নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ। নারী-পুরুষ সমানতালে এগিয়ে গেলেই কেবল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান অনস্বীকার্য। শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসন ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। এই অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে হলে সমাজের সর্বস্তরে নারীর জন্য সমান সুযোগ, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নারী শিক্ষা সম্প্রসারণ, স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হয়েছিল।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নারী দিবসের চেতনায় তোমরা আজ প্রতিজ্ঞা করো, মাঝপথে পড়াশোনা ছেড়ে দেবে না। নারীদের স্বাবলম্বী হতে হবে, আর স্বাবলম্বী হওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই।’
তিনি আরো বলেন, ‘দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। এই অর্ধেক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এগিয়ে যেতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দিবাকর ভাট, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো: আজিজুল হক, উপজেলা নারীবিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান।
সভায় বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা একটি সভ্য ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করতে হবে।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।



