নারায়ণগঞ্জে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ এনেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি জোট প্রার্থী মনির হোসেন কাশেমী। তিনি নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগও দিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করে মনির কাশেমী বলেন, ‘এ বিষয়ে এর আগে গত ২৫ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় ১ ফেব্রুয়ারি ইসিতে অভিযোগ করেছি।’
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখছেন না। তারা একটি পক্ষ থেকে অর্থ নিয়ে বিশেষ সুবিধা দিচ্ছেন। ওই দুই কর্মকর্তা একটি বিত্তশালী ও বিশিষ্ট শিল্পপতি প্রার্থী এবং তার কর্মীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। এ কারণে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি, উদ্বেগ ও অসন্তোষ তৈরি হচ্ছে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচার, সভা-সমাবেশ ও গণসংযোগের ক্ষেত্রে আর্থিক সুবিধার বিনিময়ে বৈষম্যমূলক সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ধরনের আচরণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিপন্থী এবং নির্বাচন কমিশনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘এ বিষয়ে রিটার্নিং অফিসার আমাকে ডাকেননি। যদি ডাকেন তাহলে সেখানেই যা বলার বলবো।’



