ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় জড়িত অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১২ জুলাই) উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন— উপজেলার টাকই (রহমতপুর) গ্রামের মরহুম ইদ্রিস মিয়ার ছেলে মো: রবিউল হাছান প্রকাশ রবি (৩৭) এবং উপজেলা সদরের আটকিল্লাপাড়া এলাকার মো: রহমত আলীর ছেলে মো: আকরাম হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাগড়া চৌমুহনী থেকে টাকইগামী তিন রাস্তার মোড়ে একটি মোবাইল ফোনের দোকানের সামনে পাকা সড়ক থেকে রবিউল হাছানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: আকরাম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
পৃথক দুটি ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন বলেন, ‘ইয়াবাসহ মাদক কারবারি এবং বিদ্যালয়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’



