মান্দা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মান্দায় পুলিশ সুপারের (এসপি) নাম, ছবি এবং ভুয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে প্রতারণার অভিযোগে অন্তর (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্তর উপজেলার ৩ নম্বর পরানপুর ইউনিয়ন পরিষদের শিশইল এলাকার মো: বাবুল হোসেনের ছেলে।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নাম, ছবি এবং ভুয়া মোবাইল নাম্বার ব্যবহার করে কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলে প্রতারক অন্তর। পরে সেই অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থদাবি শুরু করে।
শুক্রবার সকালে মান্দা উপজেলার এক ব্যক্তিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে ফোন করার কথা বলে মামলার ভয় দেখায় এবং তার কাছে টাকা দাবি করে অন্তর। ভুক্তভোগী বিষয়টি মান্দা থানায় অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ সুপার বিষয়টি জেনে অপরাধীকে গ্রেফতার করার নির্দেশনা দেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মান্দা থানা পুলিশ প্রতারককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘পুলিশের নামে অথবা প্রশাসনের কারো নামে কেউ যদি আপনার কাছ থেকে কোনো ধরনের চাঁদা দাবি করে অথবা মামলার ভয় দেখায় তবে বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হল।’



