ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক মাদরাসা সুপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদরাসা সুপার মাওলানা ইকরাম হোসাইন হামিদ (৪৬), ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার নৈশপ্রহরী ইসমাইল হোসেন (৩২) ও মাদরাসার চতুর্থ শ্রেণির কর্মচারী তারেকুল ইসলাম (৩০)।
ঘটনার বিবরণে জানা গেছে, ২৩ এপ্রিল বুধবার দাখিল পরীক্ষার্থীদের হাদিস বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন মজিদিয়া কামিল মাদরাসার দু’চতুর্থ শ্রেণির কর্মচারী ইসমাইল হোসেন ও তারেকুল ইসলাম হাদিস বিষয়ের প্রশ্নের ছবি তুলে সমাধান করে দিতে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের এখলাশপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা ইকরাম হোসাইন হামিদের হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট আকারে পাঠায়।
বিষয়টি গোপন সূত্রে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া মাদরাসার হল সুপার মাওলানা মফিজুর রহমান এবং অভিযুক্ত তিনজনকে তার কক্ষে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার সত্যতা স্বীকার করেন। পরবর্তীতে তাদেরকে পুলিশে সোপর্দ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, ‘প্রশ্নফাঁসের চেষ্টার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের হল সুপারসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নিদের্শনা দিয়েছি। একইসাথে অভিযুক্তদের থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।’



