কাপাসিয়ায় ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

উপজেলার ১১টি ইউনিয়নের ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জনপ্রতি সাত ধরনের সবজি বীজ দেয়া হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Kapasia
সবজির বীজ ও সার বিতরণ করা হচ্ছে
সবজির বীজ ও সার বিতরণ করা হচ্ছে |নয়া দিগন্ত

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শেফাউল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আজগর হোসেন খান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নের ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জনপ্রতি সাত ধরনের সবজি বীজ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬০ গ্রাম কলমিশাক, ১৫ গ্রাম লাউ, পাঁচ গ্রাম চালকুমড়া, ১০০ গ্রাম পুঁইশাক, পাঁচ গ্রাম বেগুন, পাঁচ গ্রাম শশা ও ১০ গ্রাম মিষ্টিকুমড়ার বীজ। এছাড়া প্রত্যেক কৃষককে ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সারও দেয়া হয়।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী ও উপস্থিত অতিথিরা কৃষকদের হাতে কৃষি প্রণোদনার বীজ ও সার তুলে দেন।