মদনে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন ইউএনও

ফেকনী গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মগড়া নদীতে চলতি বর্ষায় ভাঙন তীব্র আকার ধারণ করায় সাধারণ মানুষের বসতভিটা ও ফসলি জমি বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

Location :

Madan Upazilla
ভাঙন পরিদর্শন করছেন ইউএনও
ভাঙন পরিদর্শন করছেন ইউএনও |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে নদীভাঙন কবলিত দুর্যোগপূর্ণ এলাকা সরজমিনে দেখতে পরিদর্শনে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।

সোমবার (২৭শে জুলাই) বিকেলে উপজেলার মদন ইউনিয়নের ফেকনী গ্রামে পরিদর্শনে যান তিনি।

স্থানীয়রা জানায়, উপজেলার ফেকনী গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মগড়া নদীতে চলতি বর্ষায় ভাঙন তীব্র আকার ধারণ করায় সাধারণ মানুষের বসতভিটা ও ফসলি জমি বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার প্রকৃত অবস্থা অনুধাবন করতে এবং স্থানীয়দের দুর্ভোগ স্বচক্ষে দেখতে ইউএনও দুর্গম পথ অতিক্রম করে মোটরসাইকেলে চড়ে ও পায়ে হেঁটে নদীভাঙন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন। নদীভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং টেকসই ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন তিনি।

ইউএনও নাদির হোসেন শামীম জানান, ‘নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ বা সুরক্ষামূলক কাজ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম শাহাদাত হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুদার উজ্জ্বল, উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অন্যরা।