গাজীপুরের শ্রীপুরে স্থানীয়দের সহায়তায় ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আব্দুল কাদের (৪০) উপজেলার মুলাইদ এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
সোমবার (১৭ আগস্ট) মধ্যরাত ১২টার দিকে উপজেলার মুলাইদ এলাকার এমসি বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয়রা গোপন সূত্রে জানতে পারেন আব্দুল কাদেরের কাছে ইয়াবার একটি বড় চালান আসবে। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকজন এলাকাবাসী তাঁর বাড়ির আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে আব্দুল কাদেরকে আটক করে পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে আব্দুল কাদেরের চৌচালা টিনশেড ঘরের দক্ষিণ-পূর্ব কোণের একটি কক্ষ তল্লাশি করে ৭ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করে।
পুলিশ জানায়, মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় শ্রীপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করা হয়েছে ১৮ আগস্ট।
স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদুল ইসলাম নয়ন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই ব্যক্তির কাছে মাদকের বড় একটি চালান আসছে। তথ্যটি নিশ্চিত হওয়ার পর এলাকাবাসীকে সাথে নিয়ে তার বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে বসতঘর থেকে প্রায় আট হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।



