ঈশ্বরদীতে আলোচিত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল খালেক খাঁ হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি মো: আলম প্রামানিক ওরফে টেম্পু আলমকে (৪০) গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আলম উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর বিশুতলা এলাকার মরহুম খবির প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, পাবনা জেলা পুলিশ সুপার মো: ছুফি উল্লাহর নির্দেশনায় চলমান অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে মো: আলমকে গ্রেফতার করে ডিবি।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পাকশী ইউনিয়নের রূপপুর এলাকায় তার বাড়ি ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি তলোয়ার ও দু’টি চাপাতি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল খালেক খাঁর ওপর গুলি ও হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে মামলার আসামিদের গ্রেফতার ও হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন ভুক্তভোগী ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৪ জুন) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্রুত আসামি গ্রেফতারের দাবি জানান খালেক খাঁ। একই দিন মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধন করে এলাকাবাসী।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।



