নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে অনিক খাঁন সিয়াম নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির এক নেতার বিরুদ্ধে।
বুধবার (৩ জুন) সকালে সোনারগাঁও পৌরসভার ফতেকান্দি এলাকায় চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় স্থানীয় আবুল বাশারের দুটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এর আগে, মঙ্গলবার রাতে সিয়ামের অনুসারীদের বিরুদ্ধে জনসাধারণের চলাচলের একটি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ ওঠে।
অভিযুক্ত সিয়াম নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব।
স্থানীয়রা জানায়, সোনারগাঁও পৌরসভার ফতেকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব অনিক খাঁন সিয়ামের সাথে পার্শ্ববর্তী তাইজুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাইজুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে গত ২ এপ্রিল মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার রাতে সিয়ামের অনুসারীরা জনসাধারণের চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।
বুধবার সকালে রাস্তা বন্ধের প্রতিবাদ করায় এনসিপি নেতা অনিক খাঁন সিয়ামের নেতৃত্বে সিরাজ মিয়া, রমিজ মিয়া, পিয়ার আলী, সুমনসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঁটায় নিয়ে তাইজুল ইসলামের ভাতিজা আবুল বাশারের দুটি ঘরে ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। ভুক্তভোগী আবুল বাশার তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফতেকান্দি গ্রামের বাসিন্দা তমিজউদ্দিন জানান, এনসিপি নেতার প্রভাব খাটিয়ে সরকারি হালটে বাড়িঘর নির্মাণ করে রাখে। পার্শ্ববর্তী বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, কিন্তু সরকারি রাস্তায় টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়ার কারণে এ পথ দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে সিয়াম এলাকায় এনসিপির প্রভাব খাটিয়ে এসব করছে। প্রতিবাদ করলেই মামলা-হামলার ভয় দেখায়।
ওই গ্রামের আরেক বাসিন্দা সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তা দিয়ে গ্রামের মানুষের চলাচল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিক এ রাস্তা বন্ধ করে দেয়। গ্রামের মানুষ খুলে দেয়ার অনুরোধ করলেও অনিক রাস্তাটি খুলে দেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগ করে বলেন, অনিক খাঁন সিয়াম ২৪ সালের ৫ আগস্টের পর নিজেকে এনসিপি নেতা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজি করে আসছে। পার্শ্ববর্তী প্রেমের বাজার এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন। তারপরও তিনি নানা ধরনের অপকর্ম করে যাচ্ছেন।
বাড়ির সীমানা নিয়ে সিয়ামের প্রতিপক্ষ তাইজুল ইসলাম বলেন, বাড়ির সীমানা নিয়ে অনিক খাঁন সিয়ামের পরিবারের সাথে আমাদের বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার অধিকার তার নেই। এ বিষয়ে প্রতিবাদ করায় আমার ভাতিজা আবুল বাশারের দুইটি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করে সিয়াম ও তার অনুসারীরা। অবস্থা বেগতিক দেখে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ দেয়ার পর পুলিশ আসলে তারা চলে যায়।
অভিযোগের বিষয়ে অনিক খাঁন সিয়াম বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। তিনি রাস্তা বন্ধ বা বাড়িঘর ভাঙচুরের সাথে জড়িত নন।
নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, বিষয়টি সিয়ামের ব্যক্তিগত। এ ঘটনায় সে দোষী প্রমাণিত হলে, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। এতে রাজনৈতিকভাবে আমাদের কোনো আপত্তি থাকবে না।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম সারোয়ার বলেন, বুধবার সকাল ৭টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে একটি পরিবার পুলিশের সহযোগিতা চেয়েছিল। ফোন পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



