চকরিয়া উপজেলা উত্তর হারবাংসহ বিভিন্ন পয়েন্টে রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে ও প্রভাব কাটিয়ে দাপটের সাথে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাঁটার খবর পেয়ে স্থানীয় জাতীয় দৈনিক পত্রিকার তিনজন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তাদেরকে বেধড়ক মারধর করে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটলেও তারা সন্ত্রাসীদের হাত থেকে ছাড়া পায় রাত ৩টার দিকে।
আহত তিন সাংবাদিকের মধ্যে আহত দৈনিক আমার দেশ পত্রিকার চকরিয়া প্রতিনিধি ইকবাল জানান, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে তথ্য সংগ্রহ করার জন্য জাতীয় দৈনিক কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি ছোটন কান্তি ও দৈনিক সংবাদ পত্রিকা প্রতিনিধি মোহাম্মদ জিয়াবুলসহ মোটরসাইকেল যোগে উত্তর হারবাং এলাকায় পৌঁছে ছবি তুলতে গেলে নাজেম নামে অবৈধ বালু উত্তোলনকারী একদল সংঘবদ্ধ সন্ত্রাসী নিয়ে তাদেরকে দেশীয় অস্ত্র হাতুড়ি, লাঠি দিয়ে বেধড়ক মারধর দিয়ে গুরুত্বর আহত করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি প্রাইভেট গড়ীতে করে পাশের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যায়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত ডা: সাগর তাদের পুনরায় চিকিৎসা প্রদান করেন।
এদিকে, সাংবাদিকদের উপর হামলাকারী নাজেমকে স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলেও তার সংযোগ পাওয়া যায়নি।
এ সময় স্থানীয়রা এসে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। এতে দৈনিক সংবাদের প্রতিনিধি জিয়াবুলের হাত ভেঙে দেয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজনের মাথা থেতলিয়ে দেয়া হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



