টাঙ্গাইলের মধুপুরে একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত আসামিরা হলেন- জামালপুর সদর থানার কটারবাড়ী গ্রামের মৃত আ: সামাদের ছেলে আ: রহিম (৪৫), ময়মনসিংহের মুক্তাগাছা থানার কামারিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে শফিকুল ইসলাম শফি (৪৭) ও একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক (৩৫)।
আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো: ওমরাও খান দীপু নয়া দিগন্তকে জানান, বিগত ২০২৩ সালের ২২ জুন বিকেলে আসামিরা একটি বিয়ের পাত্রি দেখানোর কথা বলে স্বামী পরিত্যক্তা এক নারীকে নিয়ে টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে যান। সেখানে দিন গড়িয়ে রাত হয়ে যায়। একপর্যায়ে রাত ১১টার দিকে মধুপুরের ইয়াদালী চালা এলাকায় গজারি বনের ভিতরে নিয়ে ওই নারীকে মুখে গামছা গুঁজে দিয়ে ও হাত বেঁধে আসামিরা তাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভোক্তভোগী নারী মধুপুর থানায় মামলা করেন। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
বিচার শেষে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককেই আরো দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া ভুক্তভোগী নারীকে অপহরণের দায়ে আসামি আ: রহিমকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শাহানশাহ সিদ্দিকী মিন্টু।


