বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে প্রেরণা শক্তি হিসেবে ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
শনিবার (৪ জুলাই) বিকেলে বাঁশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এমপি জহিরুল ইসলাম বলেন, ‘কবি নজরুল ইসলামের মেধা আল্লাহ প্রদত্ত। দুখু মিয়া হিসেবে পরিচিত হলেও তার সাহিত্য দেশ-বিদেশের সাহিত্য চর্চা ও গবেষণার গুরুত্বপূর্ণ পাথেয়। বিদ্রোহী কবি নজরুল রচিত সাহিত্য জুলাই অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে প্রেরণা শক্তি হিসেবে কাজ করেছে। আমাদেরকে এবং আমাদের ছেলে-মেয়েদেরও নজরুল সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে হবে। বিগত সময়ে নজরুল এবং নজরুল সাহিত্যকে অবমূল্যায়ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে নজরুলের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেছেন, তাই তাকে ধন্যবাদ জানাই।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসাইন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান, কবি ও নজরুল গবেষক কমরুদ্দিন আহমদ, কবি ও ঔপন্যাসিক আরকানুল ইসলাম, প্রাবন্ধিক ইলিয়াস বাবর প্রমুখ।
পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।



