দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের আমতলীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী জুনায়েদ (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক ও আরো তিনি শিশু শিক্ষার্থী।
আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ডাক্তাররা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী বাজার এলাকার মোল্লা অ্যান্ড গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ চিরিরবন্দরের ভিয়াল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের জুয়েল হাসানের ছেলে।
ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জোনাইদ হাসানসহ চারজন ছাত্র ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে আমতলী বাজার এলাকার মোল্লা অ্যান্ড গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি নাইট কোর্স দিনাজপুর যাবার সময় ছাত্রদের ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জুনায়েদ মারা যায় এবং ভ্যানচালক ও ভ্যানে থাকা আরো তিনজন শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে রাজিব ও রিফাত নামে দু’জনের অবস্থা গুরুতর বলে ডাক্তাররা জানিয়েছেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



