বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গ দেখা হবে না, কোনো ধর্ম-বর্ণ দেখা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাকেই দেয়া হবে।’
তিনি বলেন, ‘আগামী ১৪ এপ্রিল দেশের অন্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড দেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করবেন।’
শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিজেও জানি না কারা এই কার্ড পাবেন। আমাদের কৃষি মন্ত্রণালয়, ইউএনও সাহেব তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন কে কে, কোন ক্যাটাগরি এই কার্ড পেতে পারেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের চার কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের গৃহিণীকে ফ্যামিলি কার্ডটা দেয়া হবে। ফ্যামিলি কার্ড ইতোমধ্যে উদ্বোধন হয়েছে, ইনশাআল্লাহ সামনের দুই-আড়াই মাসের মধ্যে আমার সারাদেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড প্রদান করব।’
তিনি আরো বলেন, ’আমাদের যুবসমাজ, পরিবার, আমাদের সন্তানদের, আগামী দিনের বাংলাদেশকে রক্ষা করতে শুধু প্রশাসন নয়; দল-মত, ধর্ম-বর্ণ সর্বোপরি প্রত্যেকটা সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। নেশার ছোবল থেকে আমাদের তরুণ সমাজকে, আগামী দিনের প্রজন্মকে রক্ষা করতে হবে।’
ফরহাদ হোসেন বলেন, ‘সাম্প্রতিক কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি কোনো দল, ধর্ম বোঝে নাই, আমি আশা করব প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের যে ত্রাণ সহায়তা করা হবে, সেখানেও দলীয় দৃষ্টিভঙ্গ থেকে কাউকে বিচার করা হবে না। যারা পাওয়ার যোগ্য, যারা ক্ষতিগ্রস্ত সেই মানুষটাই যেন এই ত্রাণ সামগ্রী পেয়ে উপকৃত হতে পারে।’
পরে প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ দুই হাজার টাকা ও এক প্যাকেট শুকনো খাবার, ১৩০ পরিবারের সদস্যদের হাতে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল প্রদান করেন।


