কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ১২ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া আটক ব্যক্তিরা মাদক সেবনের প্রস্তুতি ও সেবনরত অবস্থায় ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে আটক মাদকসেবীদের আদালতে পাঠানো হয়। এর আগে, রোববার (২৩ আগস্ট) রাতে ঈদগাঁও থানার এসআই মো: আজিমুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
অভিযানে ইসলামপুর ইউনিয়নের বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজন এবং পরে বটতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন হোটেল ছেনোয়ারা প্লাজার নিচতলার দু’টি কক্ষ থেকে মাদক সেবনরত অবস্থায় আরো নয়জনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি ভাঙা ছুরি, ১৪টি বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফয়েল পেপার, ১৩টি প্লাস্টিক পাইপ, একটি গামছা ও ১৪টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে।



