ড্রাইভিং লাইসেন্স (ডি/এল) পরীক্ষায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেট সার্কেলের এক কর্মচারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে সিলেট কালেক্টরেট ভবনের সামনে চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
এ সময় আরো চার দালালকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: পারভেজ বলেন, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় দালালদের সাথে যোগসাজসের দায়ে মাস্টাররোলে কর্মরত মামুন রশিদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি দালালদের সহযোগিতায় লাইসেন্স প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেন। এসময় আরো চারজনকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বিআরটিএ সিলেটের মোটরযান পরিদর্শক মো: মোশাররফ হোসেন বলেন, ‘অফিসে মাস্টাররোলে কর্মরত একজনসহ পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে একজনকে এক মাসের সাজা দেয়া হয়েছে। তবে বিস্তারিত তথ্য জানতে তিনি অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগের পরামর্শ দেন।’
খোঁজ নিয়ে জানা গেছে, উচ্চমান সহকারী (ইউডি) পদে মাস্টাররোলে কর্মরত মামুন রশিদ দালালদের সাথে যোগসাজস করে লাইসেন্স পরীক্ষায় পাস করিয়ে দেয়ার নামে অতিরিক্ত টাকা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সোমবার লাইসেন্স পরীক্ষা চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।



