চট্টগ্রামের মিরসরাইয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো: মোবারক হোসাইন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পূর্বাঞ্চল রেলওয়ের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসাইন কিশোরগঞ্জ জেলার সদর থানার বেরুয়াইল গ্রামের বাসিন্দা হারু মিয়ার ছেলে।
সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী আপ রেললাইনে চলাচলরত জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে মোবারক হোসাইনের কপাল ও মুখে মারাত্মক আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



